কাহারোল

কাহারোলে সার মজুত করে কৃত্রিম সংকট করায় এক ব্যবসায়ীকে জেল-জরিমানা, ৪৫২ বস্তা সার জব্দ

প্রিন্ট
কাহারোলে সার মজুত করে কৃত্রিম সংকট করায় এক ব্যবসায়ীকে জেল-জরিমানা, ৪৫২ বস্তা সার জব্দ

প্রকাশিত : ২৬ আগস্ট ২০২৬, বিকাল ৫:২৫ আপডেট : ২৬ আগস্ট ২০২৬, বিকাল ৫:২৮


দিনাজপুরের কাহারোলে নিয়মবহির্ভূতভাবে সার মজুত রাখার দায়ে মেসার্স অরিন ট্রেডার্স’ নামে এক খুচরা সার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ সময় ৩০৯ বস্তা টিএসপি ৯৬ বস্তা ইউরিয়া ৪৭ বস্তা এমওপি সার জব্দ করেছে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম ও দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সিহাব মোহাম্মদ ইমতিয়াজ ।

এ ছাড়াও অভিযানে ছিলেন কাহারোল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জাহিদুর রহমান,কাহারোল থানার অফিসার ইনচার্জ সেলিমুর রহমান সেলিম সহ পুলিশের একটি দল ।

বুধবার (২৬আগষ্ট) সকাল ১০টায় কাহারোল উপজেলা গেট সংলগ্ন মেসার্স অরিন ট্রেডার্স এ অভিযান চালিয়ে উপজেলার সরঞ্জা গ্রামের তাজিবুল হকের ছেলে মো. খাইরুল ইসলাম(৩২) কে ৩০ হাজার টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি এবং কৃষকদের ভোগান্তি বাড়ানোর অভিযোগে ঐ প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। পরে সার ব্যবস্থাপনা আইন লংঘনের অপরাধে এই দণ্ড প্রদান করা হয়।

কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম বিষয়টি নিশ্চিত করে জানান,অবৈধভাবে সার মজুত, কালোবাজারি ও কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে কৃষকদের জিম্মি করার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় জব্দকৃত সার কৃষকদের মাঝে ন্যায্য মূল্যে বিক্রি করা হয় এবং এর সমুদয় টাকা সরকারি কোষাগারে প্রদান করার কথা উল্লেখ করেন তিনি।