চিরিরবন্দর

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের ৩ মাসের কারাদণ্ড

প্রিন্ট
চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে যুবকের ৩ মাসের কারাদণ্ড

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০৩


‎দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আব্দুর রহমান (২৭) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

‎মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের একটি লিচুবাগানে এ অভিযান পরিচালনা করা হয়।

‎চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মো. আইয়ুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় আব্দুর রহমানকে টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া সেবন/দখলে রাখার অভিযোগে আটক করা হয়। পরে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে জানানো হলে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

‎ভ্রাম্যমাণ আদালত আব্দুর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।

‎অভিযানে এক পিস টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া, টাপেন্টাডল সেবনের দুটি পাইপ, একটি গ্যাস লাইট ও একটি স্টিলের ছোট চামচ উদ্ধার করা হয়।

‎দণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান উপজেলার নান্দেরাই গ্রামের মো. হামিদুল ইসলামের ছেলে।

‎চিরিরবন্দর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।