হাকিমপুর

হাকিমপুর চক্ষু শিবিরে দুই শতাধিক নারী ও পুরুষ পেলো ফ্রি ঔষধ চিকিৎসাসেবা

প্রিন্ট
হাকিমপুর চক্ষু শিবিরে দুই শতাধিক নারী ও পুরুষ পেলো ফ্রি ঔষধ চিকিৎসাসেবা

প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৫১


দিনাজপুরের হাকিমপুর হিলিতে গরীব দুস্ত ও অসহায় পরিবারের চক্ষু রোগীদের জন্য সম্পুর্ন বিনামুল্যে দিনব্যাপী চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী চক্ষু শিবিরে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ এবং চশমা পেয়ে খুশি এলাকার সাধারণ মানুষ। 

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বোয়ালদাড় ইউনিয়নের কন্দর্পপুর ডি এস দাখিল মাদ্রাসা মাঠে চক্ষু শিবির ক্যাম্পের উদ্বোধন করেন অত্র ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান শুভ, অত্র মাদ্রাসার সুপার মোঃ হাফিজুর রহমান সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। 

রংপুরের দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতালের একটি মেডিকেল টিম বোয়ালদাড় ইউনিয়ন সহ হাকিমপুর হিলি উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা প্রায় ২ শতাধিক নারী ও পুরুষ রোগীকে বিনামুল্যে চক্ষু সেবা প্রদান করে।সকাল থেকে শুরু হয়ে বিকাল পর্যন্ত চলে এই চক্ষু শিবির।

এসময় চোখের চিকিৎসা নিতে আসা প্রায় ৫৫-৬০ বছর বয়সের বৃদ্ধা আসমান আলী বলেন, বর্তমান বাজারে সবকিছুর যে অবস্থা। একটা ভালো ডাক্তারের পরামর্শ নিতে গেলে খরচ হয় ৫০০ টাকা। যা আমাদের গরীব মানুষের জন্য কষ্টকর। সেখানে ফ্রি চিকিৎসাসেবা, ঔষধ এবং চশমা পেলাম আর কি চাই? যে এই ব্যবস্থা করেছে আল্লাহ তাঁকে দীর্ঘ দিন বেঁচে রাখুক দোয়া করি। 

চোখে ছানিপড়া রোগী আজিমন বেওয়া, অনেক দিন আগে স্বামী মারা গেছে। ডাক্তারের কাছে যাওয়া অসম্ভব। তাই খবর পেয়ে এখানে ফ্রি চিকিৎসা সেবা নিতে এসেছি। ডাক্তার দেখে বললো চোখে ছানি পড়েছে অপারেশন করতে হবে। তাই আলাদা করে রাখিছে। রংপুর বাসে করে নিয়ে যায়ে অপারেশন করে আবার না বাড়ি পৌঁছে দিয়ে যাবে। মন থেকে দোয়া করি যারা ব্যবস্থা করেছে আল্লাহ যেন তাদের ভালো করে। 

ফ্রী চক্ষু শিবিরের আয়োজক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ নুরুল ইসলাম জানান, রাজনৈতিক নেতা বা জনপ্রতিনিধি হয়ে শুধু মানুষের সেবা করা যায় আমি তা বিশ্বাস করি না। আমি মনে করি মানুষের সেবা মানুষের পাশে থাকতে হলে মানষিকতা দরকার। আমি নিজে একজন আমদানিকারক ব্যবসায়ী। সবসময় চেষ্টা করি মানুষের যে কোন সমস্যা হলে সাধ্যমত চেষ্টা করি পাশে দাঁড়ানোর এবং সহযোগিতা করার। 

আজ এখানে প্রায় দুই শতাধিক নারী ও পুরুষ চোখে ছানিপড়া, চোখ দিয়ে পানি পড়াসহ বিভিন্ন সমস্যায় ভোগা রোগীদের চোখ পরীক্ষা নিরীক্ষা করে বিনামুল্যে তাদের ঔষধ ও চশমা প্রদান করা হয়েছে। সেই সাথে চোখে ছানিপড়া রোগীদের চিহ্নিত করা হয়। তাদের রংপুর দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশন চক্ষু হাসপাতালে বাসে করে নিয়ে গিয়ে সম্পুর্ন বিনামুল্যে চোখের অপারেশন করে আবার নিজ নিজ বাড়িতে পৌছে দেওয়া হবে ইনশাআল্লাহ!