দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে আব্দুর রহমান (২৭) নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ৫ নম্বর আব্দুলপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের একটি লিচুবাগানে এ অভিযান পরিচালনা করা হয়।
চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মো. আইয়ুব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় আব্দুর রহমানকে টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া সেবন/দখলে রাখার অভিযোগে আটক করা হয়। পরে বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজকে জানানো হলে তিনি ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত আব্দুর রহমানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।
অভিযানে এক পিস টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া, টাপেন্টাডল সেবনের দুটি পাইপ, একটি গ্যাস লাইট ও একটি স্টিলের ছোট চামচ উদ্ধার করা হয়।
দণ্ডপ্রাপ্ত আব্দুর রহমান উপজেলার নান্দেরাই গ্রামের মো. হামিদুল ইসলামের ছেলে।
চিরিরবন্দর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
মতামত