কৃষকের উৎপাদিত পণ্য সংরক্ষণ ও ন্যায্য মূল্য নিশ্চিত করতে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় চালু হলো ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ।
বৃহস্পতিবার ( ২৪ এপ্রিল ) সকাল ১১টায় উপজেলার সাইতারা ইউনিয়নের দক্ষিণ পলাশবাড়ি গ্রামের আবু বক্কর সিদ্দিকের বাড়ির পাশে এ মিনি কোল্ড স্টোরেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, উপসহকারী কৃষি কর্মকর্তা মিনহাজুল হক নবাবসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। এ সময় কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা বলেন, “কৃষকরা অনেক সময় উৎপাদিত সবজি ও ফলমূল সংরক্ষণ করতে না পেরে কম দামে বিক্রি করতে বাধ্য হন। এই মিনি কোল্ড স্টোরেজ চালু হওয়ায় তারা দীর্ঘদিন পণ্য সংরক্ষণ করতে পারবেন, ফলে ন্যায্য মূল্য পাওয়া সহজ হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরা জানান, “কৃষকের ফসলের অপচয় রোধ এবং বাজারজাতকরণ সহজ করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। এতে কৃষকের আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হবে।”
স্থানীয় কৃষকরা জানান, এ ধরনের উদ্যোগ আগে না থাকায় তারা প্রায়ই লোকসানের মুখে পড়তেন। এখন এই কোল্ড স্টোরেজ চালু হওয়ায় তারা অনেক উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন।
মতামত