দিনাজপুরের চিরিরবন্দর থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী ভাই-বোনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পুনট্টি ইউনিয়নের দৌলতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন্নবীর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এসআই জালালের নেতৃত্বে একটি চৌকস দল এ বিশেষ অভিযান চালায়।
অভিযানকালে পুনট্টি ইউনিয়নের দৌলতপুর গ্রামের আমবাড়ী থেকে জলপাইতলী সড়ক এলাকায় ফরিদা (৩৫) ও সিরাজুল হক (৩২)-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত ফরিদা চিরিরবন্দর উপজেলার পুনট্টি দৌলতপুর দক্ষিণপাড়া গ্রামের রশিদুল হকের স্ত্রী এবং সিরাজুল হক ফুলবাড়ী উপজেলার চকবীর গ্রামের মহির উদ্দীনের ছেলে।
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহামুদুন্নবী বলেন, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার চললেও পুলিশের এ অভিযানে সাময়িক স্বস্তি ফিরে এসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মতামত