কৃষিকে আরও আধুনিক, পুষ্টিনির্ভর ও উদ্যোক্তামুখী করতে দিনাজপুরের ঘোড়াঘাটে অনুষ্ঠিত হয়েছে “পার্টনার কংগ্রেস-২০২৬”। কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্য নিয়ে বৃহস্পতিবার (১৪ মে) উপজেলা পরিষদ হলরুমে এ আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঘোড়াঘাট।
“প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” কর্মসূচির আওতায় আয়োজিত কংগ্রেসে সভাপতিত্ব করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল আল মামুন কাওসার শেখ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উপ-পরিচালকের কার্যালয়, দিনাজপুরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা শাহ আলম মিয়া।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুজ্জামান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ খাদিজাতুল কুবরা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা আক্তার এবং সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সবুর। এছাড়া পার্টনার কংগ্রেস স্কুলের সভাপতি ও প্রিন্ট-ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং কৃষকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। একই সঙ্গে পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান। এতে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠান শেষে অতিথিরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঘোড়াঘাট আয়োজিত পার্টনার কংগ্রেসের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মতামত