দিনাজপুরের পার্বতীপুরে বিপুল সংখ্যক ইয়াবাসহ আমজাদ হোসেন (৪৫) নামে চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারী) রাতে ভবানীপুর এলাকায় ইয়াবা বিক্রির সময় হাতেনাতে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে আমজাদকে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন যাবৎ হাবড়া ইউনিয়নের ভবানীপুর এলাকায় ইয়াবার রমরমা ব্যবসা চালিয়ে আসছিলো উপজেলার ৮নম্বর হাবড়া ইউনিয়নের পিরোজপুর তাতীপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে আমজাদ হোসেন। পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের পিরোজপুর এলাকায় মাদক বিক্রি হচ্ছে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১০ টার দিকে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে অভিযান চালায় ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) উপ-পরিদর্শক (এসআই) মোঃ নজরুল ইসলাম। অভিযানে ৬২ পিস ইয়াবাসহ বিক্রেতা আমজাদকে হাতেনাতে আটক করে পুলিশের আভিযানিক দল। রাত সাড়ে ১১ টার দিকে জব্দকৃত ইয়াবাসহ আটক আমজাদকে পার্বতীপুর মডেল থানায় হস্তান্তর করা হয়। এসময় এএসআই আশরাফুল, মনতাজ আলী, কন্সটেবল সায়েম, এনামুল হক, রেজাউল ইসলাম উপস্থিত ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাকির হোসেন মোল্লাহ বলেন, আটক আমজাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মতামত