পার্বতীপুর

ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালের কর্মবিরতি; উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

প্রিন্ট
ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের অনির্দিষ্টকালের কর্মবিরতি; উত্তরের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ

প্রকাশিত : ২৯ মার্চ ২০২৬, বিকাল ৫:৫৯



তেল পরিবহনের কাজে নিয়োজিত ট্যাংকলরী চালকসহ ৩ জন শ্রমিককে ভ্রাম্যমান আদালতে জেল-জরিমানার প্রতিবাদে রংপুর বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছে ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন। এতে করে উত্তরের ৮টি জেলায় জ্বালানী তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে।

জ্বালানী তেল পরিবহনের সময় তিন শ্রমিককে ৬ মাসের কারাদণ্ড ও জরিমানা করার প্রতিবাদে এই অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এতে করে পার্বতীপুরে রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানী তেল সরবরাহসহ সকল কার্যক্রম বন্ধ হয়ে গেছে। পেট্রোল পাম্প মালিকরা শ্রমিকদের কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করেছেন।

শ্রমিকরা জানিয়েছে, জ্বালানী তেল নিয়ে নীলফামারীর যাওয়ার পথে তেলবাহী একটি লরীর যান্ত্রিকত্রুটি দেখা দেয়। মেরামত করতে গাড়ীটি দাড় করিয়ে শ্রমিকরা গাড়ীর কেবিন খুলে কাজ করছিলো। এসময় নীলফামারী জেলার এনডিসি নিয়াজ ভূইয়া রাস্তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিনি লরি তল্লাশী করে কেবিনে দুটি জারকিনে ১০ লিটার পেট্রোল ও দুই লিটার ডিজেল পান। এ সময় অবৈধভাবে তেল পাচারের অভিযোগে একরামুল হক, চালক শ্রী কৃষ্ণচন্দ্র এবং চালক সহকারি রিফাতকে ৬ মাসের কারাদণ্ডাদেশ দেন। সেই সাথে তিনজনকে মোট এক লাখ টাকা জরিমানা করেন। এ ঘটনার প্রতিবাদে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্ম বিরতি শুরু করেন শ্রমিকরা। দুপুরে তারা পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোর সামনে একটি সমাবেশ করেন ও পরে বিক্ষোভ মিছিল করে।

শ্রমিকরা জানিয়েছে, সড়কে মহসড়কে পুলিশী হয়রানী ও অযৌক্তিকভাবে ট্যাংকলরী গাড়ীর চালক, ম্যানেজার ও হেলপারকে জেল-জরিমানা করার প্রতিবাদে নিয়াজ ভুইয়াকে দ্রুত অপসারন ও দণ্ডিত শ্রমিকদের নিশর্ত মুক্তির দাবিতে এই কর্মসূচী চলছে। দাবি বাস্তবায়ন বা পদক্ষেপ গ্রহণ না করা হলে এই কর্মসূচী অব্যাহত থাকবে।

এ বিষয়ে রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারন সম্পাদক মঞ্জুরুল ইসলাম বলেন, জেল-জরিমানায় হাজতে পাঠানো শ্রমিকদের মুক্তির দাবিতে ধর্মঘট চলছে। আমরা আল্টিমেটাম দিয়েছি শ্রমিক ভাইদের নিশর্ত মুক্তি ও ৪৮ ঘন্টার মধ্যে এনডিসির অপসারন না হলে আমাদের ধর্মঘট অব্যাহত থাকবে। আমাদের সাথে পাম্প মালিকরাও একাত্মতা ঘোষণা করেছেন।