পার্বতীপুর

পার্বতীপুরে র‍্যাবের অভিযানে সহস্রাধিক লিটার পেট্রোল উদ্ধার

প্রিন্ট
পার্বতীপুরে র‍্যাবের অভিযানে সহস্রাধিক লিটার পেট্রোল উদ্ধার

প্রকাশিত : ১১ এপ্রিল ২০২৬, রাত ৯:২১


দিনাজপুরের পার্বতীপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ বিপুল পরিমান জ্বালানী তেল জব্দ করেছে প্রশাসন। 

শনিবার বিকাল সাড়ে ৩ টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে এসব পেট্রোল উদ্ধার করে র‍্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালত। 

জানা গেছে, দেশব্যাপী জ্বালানী তেল সংকট মুহুর্তে পার্বতীপুর উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অতিরিক্ত দামে বিক্রির উদ্যেশ্যে বিপুল পরিমান পেট্রোল মজুদ রাখা হয়েছে এমন গোঁপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‍্যাব-১৩ নীলফামারীর একটি চৌকস দল। এসময় টার্মিনাল থেকে গুলপাড়া যাওয়ার মোড়ে একটি দোকানে ৫টি বড় ড্রাম ও ৫টি ছোট পাত্রে অবৈধভাবে মজুদ ১২ শ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। সরকার নির্ধারিত পেট্রোলের মূল্য লিটার প্রতি ১১৬ টাকা হলেও এসব পেট্রোল বিক্রি হচ্ছিলো ২৫০ টাকা লিটার।

পরে পার্বতীপুর উপজেলাে নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদ্দাম হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ মজুদের অভিযোগে দোকান মালিক হুগলিপাড়া এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে রায়হানুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করে। সেই সাথে, পাম্পে দায়িত্ব পালনকারী ট্যাগ অফিসার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবু সুফিয়ানের উপস্থিতিতে উদ্ধারকৃত ১২ শ লিটার পেট্রোল নির্ধারিত মূল্যে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেয়া হয়।

অভিযানের নেতৃত্ব দেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‍্যাব-১৩ এর নীলফামারী সিপিসি-২ এর স্কোয়াড লিডার আশরাফুল কবির। এসময় বাহিনীর ডিএডি শামসুল হুদা, সাব ইন্সপেক্টর প্রতল্য দাসসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জনকল্যাণে আগামীতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‍্যাব।