নবাবগঞ্জ

নবাবগঞ্জে নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার

প্রিন্ট
নবাবগঞ্জে নাশকতার মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের তিন কর্মী গ্রেপ্তার

প্রকাশিত : ৪ নভেম্বর ২০২৬, বিকাল ৪:৪২


দিনাজপুরের নবাবগঞ্জে নাশকতার অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বিনোদনগর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গ্রামের শাহী ইমরান (২৩) এবং জগন্নাথপুর গ্রামের নুরে আলম সিদ্দিক (২০) ও একই গ্রামের মাহাদি হাসান (২০)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট রাত ৯টার দিকে উপজেলার পাহাড়পুর এলাকায় পাঠানগঞ্জ-ডাংশেরহাট পাকা সড়কে কয়েকজন ব্যক্তি সমবেত হন। তাঁরা সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের নির্দেশে শেখ হাসিনার ফাঁসির রায় প্রত্যাহারের দাবিতে মশাল মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন বলে। এ সময় তাঁদের কাছে কুড়াল, লোহার রড, সামুরাই, হকিস্টিক ও বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র ছিল বলে অভিযোগ করা হয়।

খবর পেয়ে রাত সোয়া ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলাটির তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস জানান, সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের দিনাজপুর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।