ভুয়া ওয়ারিশান কাগজপত্র ব্যবহার করে জমির নামজারি (খারিজ) করানোর অভিযোগে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা ভূমি অফিসে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে তাঁদের চিরিরবন্দর থানায় পাঠানো হয়।
বুধবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ভূমি অফিসে মিস কেসের শুনানিতে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন, আরাফাত হোসেন (পিতা: হাফিজ উদ্দিন) ও ফজলার রহমান (পিতা: শমসের আলী)। তাঁদের বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার কুমড়িয়া গ্রামে।
জানা গেছে, ভুয়া ওয়ারিশান কাগজপত্রের মাধ্যমে জমির নামজারি করানোর বিষয়টি মিস কেসের শুনানিতে উঠে আসে। এ সময় শুনানিতে জাল কাগজপত্র প্রদর্শনের অভিযোগে তাঁদের আটক করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ। পরে তাঁদের থানায় পাঠানো হয়।
এ বিষয়ে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর নবী জানান, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।
মতামত