দিনাজপুরের চিরিরবন্দরে একই ঘর থেকে এক গৃহবধূ ও তাঁর দুই শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার অমরপুর ইউনিয়নের মোস্তাফাপুর বালুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ঘটনাটি নিয়ে নানা প্রশ্ন উঠলেও স্বজনদের দাবি, ওই গৃহবধূ ও তাঁর দুই সন্তানকে হত্যা করা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
নিহতরা হলেন, ওই গ্রামের শাকিল হোসেনের স্ত্রী স্বর্ণা আক্তার (২৩), তাঁদের ছেলে সাফায়েত হোসেন (৪) ও মেয়ে রাইসা আক্তার (১)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাকিলের সঙ্গে তাঁর স্ত্রী স্বর্ণার পারিবারিক বিষয় নিয়ে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। রোববার সন্ধ্যা ৬টার পর পরিবারের সদস্যরা বাজারে গেলে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। পরে পরিবারের সদস্যদের চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামীসহ তিনজনকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে নিহত গৃহবধূর স্বজনেরা অভিযোগ করেছেন, স্বর্ণা ও তাঁর দুই সন্তানকে হত্যা করা হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানিয়েছেন।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, নিহতদের মরদেহের ময়নাতদন্ত করা হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মতামত