দিনাজপুরের বীরগঞ্জের পুরাতন জেলখানা আশ্রয়ণ প্রকল্পের পুকুরপাড়ে অংশীদারিত্বমূলক বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্যোগে পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ পরিকল্পনার অংশ হিসেবে এই কার্যক্রম গ্রহণ করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বীরগঞ্জ জোনের বাস্তবায়নে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএমডিএর পুনঃখনন করা আশ্রয়ণ পুকুরপাড়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। উদ্বোধন শেষে সংসদ সদস্য আশ্রয়ণ প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। তিনি সেখানে বসবাসরত নাগরিকদের সাথে কথা বলেন এবং তাদের বিভিন্ন নাগরিক সমস্যার খোঁজখবর নেন।
এ সময় টেকসই বনায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট উপকারভোগীদের হাতে অংশীদারিত্বের আনুষ্ঠানিক দলিল হস্তান্তর করেন সংসদ সদস্য। পরিবেশ সুরক্ষায় স্থানীয় বাসিন্দাদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার তাগিদ দেন তিনি। সংসদ সদস্য সবাইকে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকার আহ্বান জানান এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ দিনাজপুরের নির্বাহী প্রকৌশলী মো. মাহফুজুর রহমান, বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বীরগঞ্জ জোনের সহকারী প্রকৌশলী আবু সাদাত মুহাম্মদ সায়েমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকেরা জানান, এই উদ্যোগের মধ্য দিয়ে পুকুরপাড়ের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও গ্রামীণ সবুজায়ন সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা তৈরি হবে।
মতামত