নবাবগঞ্জ

আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস: ড. এনামুল হক

প্রিন্ট
আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যার ইতিহাস: ড. এনামুল হক

প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:০১


বাংলাদেশ জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক বলেছেন, আওয়ামী লীগের ইতিহাস গণতন্ত্র হত্যা, মানুষ হত্যা এবং জনগণের কণ্ঠরোধের ইতিহাস। ২০০৬ সালের ২৮ অক্টোবরের সহিংসতার মাধ্যমে দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার পথ তৈরি করা হয়েছিল। ভবিষ্যতে যেন এ দেশে আর কোনো ফ্যাসিবাদ প্রতিষ্ঠা হতে না পারে, সে জন্য সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বুধবার (২৮ অক্টোবর) বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ে ২৮ অক্টোবরের পল্টন ট্রাজেডি লগি-বইঠার তাণ্ডবে নিহতদের স্মরণে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ১৯৭১ ও ১৯৭৫ সালের ঘটনাবলি এবং রক্ষীবাহিনী গঠনের ইতিহাস দেশের মানুষের কাছে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাও দেশের গণতান্ত্রিক ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়। ওই সময় দেশের বিভিন্ন স্থানে সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটে। নবাবগঞ্জসহ সারা দেশে ওই সময়ের সহিংসতা ও নির্যাতনের চিত্র মানুষ প্রত্যক্ষ করেছে।

তিনি বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর ছাত্র-জনতার প্রত্যাশা ছিল বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা। কিন্তু এখনো সেই প্রত্যাশা পূরণ হয়নি। গণভোটের রায় বাস্তবায়নেও প্রশ্ন দেখা দিয়েছে। জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ড. এনামুল হক বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে হলে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশে যেন আর কোনো স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

সভায় ২৮ শে অক্টোবর পল্টন ট্রাজেডি তান্ডবে নিহত শহীদদের স্বরনে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় নবাবগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।