নবাবগঞ্জ

মাদক সেবনকালে আটক, গ্রাম পুলিশের এক বছরের সাজা

প্রিন্ট
মাদক সেবনকালে আটক, গ্রাম পুলিশের এক বছরের সাজা

প্রকাশিত : ২১ অক্টোবর ২০২৬, রাত ১০:৪০


দিনাজপুরের নবাবগঞ্জে মাদক সেবনের দায়ে রুবেল মিয়া (২৬) নামে এক গ্রাম পুলিশকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া উপজেলার ৪ নং শালখুড়িয়া ইউনিয়নের শালখুড়িয়া গ্রামের এসেক্দার আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌকিদার রুবেল মিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক সেবনের অভিযোগ ছিল। স্থানীয়দের অভিযোগের পর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাকে মাদক সেবনরত অবস্থায় আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিধান কান্তি হালদার বলেন, মাদকের সংঙ্গে জড়িত রুবেল নামে একজন চৌকিদারকে ১ বছরের সাজা দেওয়া হয়েছে। তবে সরকারি দায়িত্বে নিয়োজিত কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলেও তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মোহাম্মদ জুয়েল নামে এক আসামিকে আটক করেছে পুলিশ। জুয়েল উপজেলার খয়েরগনি সড়কপাড়া গ্রামের আবদুল মালেকের ছেলে। 

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বলেন, মাদক সেবনের সময় চৌকিদার রুবেলকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের কারাদণ্ড দেন। এ ছাড়া এক সাজাপ্রাপ্ত আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।