‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের চিরিরবন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় চিরিরবন্দর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ (ইছামতি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আরিফা পারভীনের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া। তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রায়হান আলী। এ সময় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, উপজেলা বিএনপির অন্যতম সদস্য মো. মেসবাহুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোমিনুল ইসলাম মমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা সুমন কুন্ড। এ ছাড়া অনুষ্ঠানে দুইজন সফল খামারি তাঁদের অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন।
এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও খামারিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধি এবং এ খাতকে রপ্তানিমুখী শিল্প হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আধুনিক প্রযুক্তির ব্যবহার, খামারিদের প্রশিক্ষণ এবং পশু-পাখির উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, চিরিরবন্দর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
মতামত