চিরিরবন্দর

চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড

প্রিন্ট
চিরিরবন্দরে টাপেন্টাডল সেবনের অভিযোগে যুবকের ৩ মাসের কারাদণ্ড

প্রকাশিত : ২০ নভেম্বর ২০২৬, সন্ধ্যা ৮:২৭


দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়াসহ মো. আল আমিন (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটে উপজেলার ৬ নং অমরপুর ইউনিয়নের বাসুদেবপুর পোস্ট অফিস বাজারে এ অভিযান পরিচালনা করে চিরিরবন্দর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) মো. মাইনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান চালিয়ে টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া সেবন ও নিজেদের দখলে রাখার অভিযোগে আল আমিনকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরাকে খবর দেওয়া হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

অভিযানে এক পিস টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া, কাগজের তৈরি একটি পাইপ, টাইলসের ভাঙা টুকরো ও একটি গ্যাসলাইট জব্দ করা হয়।

চিরিরবন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।