দিনাজপুরের চিরিরবন্দরে ২০ গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করেছে থানা পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার ১০নং পুনট্টি ইউনিয়নের আমতলী বাজারের সিএন্ডবি মোড়ে মহাসড়কের ওপর মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন—চিরিরবন্দর উপজেলার পূর্ব ভিয়াইল গ্রামের মৃত আব্দুল গণির ছেলে মো. এমদাদুল হক (৫০) ও একই গ্রামের মো. মুজিবর রহমানের ছেলে মো. রনি (৩১)।
পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিঃ) সবুজের নেতৃত্বে চিরিরবন্দর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাঁদের কাছ থেকে সাদা কাগজে মোড়ানো ২০ গ্রাম গাঁজা উদ্ধার করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেহা তুজ জোহরাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেন।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
মতামত