বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ আলহাজ মো. আখতারুজ্জামান মিয়া এমপি বলেছেন, প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে সরকার অত্যন্ত আন্তরিক। প্রাথমিক শিক্ষাকে বাস্তবমুখী ও যুগোপযোগী করতে সংশ্লিষ্ট সবাইকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষাই শিক্ষার মূল ভিত্তি। শিক্ষকরা হচ্ছেন জাতি গড়ার কারিগর। শিক্ষকদের সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে।
শুক্রবার (১ মে) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের আয়োজনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রতিটি শিশুকে প্রাথমিক স্তর থেকেই দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করতে চতুর্থ শ্রেণি থেকে বাধ্যতামূলক সাতটি খেলায় প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা শিক্ষা অফিসার মিনারা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভাবকি ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ মমিনুল ইসলাম মমিন, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আহসান হাবিব, চিরিরবন্দর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম সরকার দুলু, উপজেলা সহকারী শিক্ষক সমিতির আহ্বায়ক রুহুল আমিন এবং যুগ্ম আহ্বায়ক মাহফুজুল হক আমান মানিক।
মতবিনিময় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ সুধীজন উপস্থিত ছিলেন।
মতামত