ফুলবাড়ী

ফুলবাড়ীতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রিন্ট
ফুলবাড়ীতে নানা আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রকাশিত : ২৬ মার্চ ২০২৬, সন্ধ্যা ৬:৪৩


বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন ও সর্বস্তরের জনগণের অংশগ্রহণে দিনব্যাপী কর্মসূচিতে ছিল উৎসবমুখর পরিবেশ।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এ সময় উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, ফুলবাড়ী থানা পুলিশ, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

সকালে ফুলবাড়ী সরকারি মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পায়রা উড়ানো, ডিসপ্লে প্রদর্শন, খেলাধুলা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান।

এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম, কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ শাহ, উপজেলা প্রকৌশলী শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের একপর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং কুচকাওয়াজে অংশগ্রহণকারী পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ফুলবাড়ী সরকারি কলেজের বিএনসিসি এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে ফুলবাড়ী পৌর এলাকার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ বাসাবাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। একই সঙ্গে এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এসব কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পায়রা উড়ানোসহ দেশাত্মবোধক নানা আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে রাজনৈতিক ব্যক্তিবর্গসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এসব কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।