বিক্রয় প্রতিনিধিদের চাকরিতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বাস্তবসম্মত ৮ দফা দাবি বাস্তবায়ন এবং বিক্রয় পেশাজীবীদের নির্দিষ্ট মন্ত্রণালয়ের অধীনে পরিচালনার দাবিতে দিনাজপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট।
শুক্রবার দুপুরে দিনাজপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীসহ কয়েক শতাধিক বিক্রয় প্রতিনিধি অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিক্রয় প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে চাকরির অনিশ্চয়তা, নানা বৈষম্য ও সুনির্দিষ্ট নীতিমালার অভাবে পেশাগত নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের চাকরির সুরক্ষা, ন্যায্য অধিকার, সম্মানজনক কর্মপরিবেশ ও পেশাগত স্বীকৃতি নিশ্চিত করতে কার্যকর নীতিমালা প্রণয়ন জরুরি।
বক্তারা বিক্রয় প্রতিনিধিদের জন্য ৮ দফা দাবি বাস্তবায়ন এবং কোন মন্ত্রণালয়ের অধীনে এই পেশা পরিচালিত হবে তা নির্ধারণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
মানববন্ধনে ৮ দফা দাবি আদায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও খানসামা উপজেলা বিক্রয় প্রতিনিধি জোটের সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন (আলম)। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিক্রয় প্রতিনিধি জোটের সভাপতি মো. কামরুজ্জামান মিলন, সিনিয়র সহ-সভাপতি মো. শাহ আলম রানা, সাধারণ সম্পাদক সন্দীপ বৈশ্য, সদর উপজেলা বিক্রয় প্রতিনিধি জোটের সভাপতি মো. আহসান হাবীব শাওনসহ ১৩টি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং কয়েক শতাধিক বিক্রয় প্রতিনিধিরা।
মতামত