দিনাজপুরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে স্যানিটেশন মার্কেটিং সিস্টেম (স্যানমাকর্স) প্রকল্পের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ শিশু একাডেমি দিনাজপুরের কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম বলেন, ৪০ বছর আগেও দেশে পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা ছিল না। মানুষ খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করত। মলমূত্র বৃষ্টির পানির সঙ্গে পুকুর ও নদীতে মিশে যেত। এসব পানি দিয়ে দৈনন্দিন নানা কাজ করায় কলেরা, ডায়রিয়া, আমাশয়, বসন্তসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিত। বর্তমানে স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন ও মানুষের সচেতনতা বৃদ্ধির ফলে পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে। পরিবারকে স্যানিটেশন বিষয়ে সচেতন করতে পারলে গ্রাম এবং দেশও উন্নত হবে।
সভাপতির বক্তব্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মুরাদ হোসেন বলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর মূলত পানি সরবরাহ, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিয়ে কাজ করে। সামাজিক আন্দোলন ও সচেতনতা বৃদ্ধির ফলে গ্রামাঞ্চলে স্যানিটেশন ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে। বর্তমানে খোলা জায়গায় মলমূত্র ত্যাগের হার প্রায় শূন্যের পর্যায়ে এসেছে। এ ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থানও বেশ ভালো।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঢাকার সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার মো. বাবুল আক্তার। এ সময় বিভিন্ন উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্যানিটেশন উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে স্যানিটেশন ব্যবহারের বিভিন্ন দিক ও তথ্য-উপাত্ত তুলে ধরেন ইউনিসেফ ঢাকার কনসালটেন্ট দীপক কান্তি রায়।
মতামত