দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতারকৃত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী মোশাররফ হোসেন ওরফে মোস্তফা (২৪) পুলিশের হেফাজত, থানা থেকে পালিয়ে যায়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ১৪ ঘন্টার মধ্যে পার্শ্ববর্তী পাঁচবিবি থানা থেকে পুনরায় গ্রেফতার করে হাকিমপুর থানা পুলিশ।
আজ শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে প্রেস ব্রিফিং এর মাধ্যমে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাদশা আলম।
গ্রেফতারকৃত আসামী হাকিমপুর (হিলি) পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ) এলাকার বছির উদ্দিনের ছেলে মোশাররফ হোসেন (২৪)। গ্রেফতারকৃত আসামী মোশাররফ হোসেন হাকিমপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন বলে জানান ওসি বাদশা আলম।
পুলিশ জানায়,পুলিশের নিয়মিত মাদক ও ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে মোশারফ হোসেন ওরফে মোস্তফা (২৪) নামের এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। গত বছর বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় রুজু হওয়া একটি মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে আটক করা হয়েছিল।
পুলিশ আরও জানায়, উক্ত আসামিকে গ্রেফতারের পর স্বাভাবিক ছিলো। তবে থানা গেটের ভেতরে নিয়ে আসার পরে সে হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করে এবং এক পর্যায়ে দৌড়ে পালিয়ে যায়। পুলিশ তাৎক্ষণিক তার পেছনে ধাওয়া করলেও অন্ধকারে ঝোপঝাড়ের ভেতর দিয়ে সে পালিয়ে যায়।
আজ শুক্রবার সকালে থানা পুলিশ আসামির বাড়িতে গিয়ে পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন এবং মোবাইল নাম্বার সংগ্রহ করেন।পরে থানা পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তি এবং স্থানীয় সোর্স ও আত্মীয়-স্বজনদের মোবাইল নাম্বরের সূত্র ধরে তার অবস্থান নিশ্চিত করে। পুলিশ জানতে পারে সে হাকিমপুর থানা এলাকা ছেড়ে পার্শ্ববর্তী পাঁচবিবি থানা এলাকায় পালিয়ে গেছে।
পরবর্তীতে হাকিমপুর থানা পুলিশের একটি চৌকস দল পাঁচবিবি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ বাদশা আলম জানান,গ্রেফতারকৃত আসামিকে থানায় নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।এছাড়া আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মতামত