ফুলবাড়ী

ফুলবাড়ীতে নছিমন-অটোর সংঘর্ষে প্রাণ গেল গৃহবধূর

প্রিন্ট
ফুলবাড়ীতে নছিমন-অটোর সংঘর্ষে প্রাণ গেল গৃহবধূর

প্রকাশিত : ৭ নভেম্বর ২০২৬, রাত ১১:৩১


দিনাজপুরের ফুলবাড়ীতে গরুবাহী নছিমন ও যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মোছা. নাজমা বেগম (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ। দুর্ঘটনায় জড়িত নছিমন ও অটোরিকশা দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে নছিমনচালক পালিয়ে গেছেন।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফুলবাড়ী পৌরশহরের উত্তর সুজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমা বেগম ফুলবাড়ী উপজেলার চককবীর গ্রামের বাসিন্দা। তিনি নজরুল সর্দারের মেয়ে এবং ফয়সাল সরকারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, নাজমা বেগম তাঁর মেয়েকে উত্তর সুজাপুরে মাদ্রাসায় রেখে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথে উত্তর সুজাপুর এলাকার শিবনগর সড়কের মাথায় মসজিদসংলগ্ন আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশ দিয়ে যাওয়ার সময় দিনাজপুর থেকে আসা গরুবাহী একটি নছিমন ও ফুলবাড়ী থেকে আসা যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হন তিনি। এতে তাঁর মাথা ও বুকে মারাত্মক আঘাত লাগে।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মো. তানভির জানান, নছিমনের ধাক্কায় গুরুতর আহত গৃহবধূ নামজা আক্তারকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পূর্বের তার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় অটোরিকশাচালক রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের দাড়িপাড়া গ্রামের মো. নায়েব আলীকে (৫২) আটক করেছে পুলিশ। দুর্ঘটনায় জড়িত নছিমন ও অটোরিকশা দুটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে নছিমনচালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হয়ে সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা দুর্ঘটনাপ্রবণ ওই স্থানে দুটি স্পিড ব্রেকার নির্মাণের দীর্ঘদিনের দাবি পুনর্ব্যক্ত করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম বিল্লাহ ও ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম। তাঁরা এক সপ্তাহের মধ্যে সড়কে স্পিড ব্রেকার নির্মাণের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে এলাকাবাসী বিক্ষোভ প্রত্যাহার করেন। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

ফুলবাড়ী থানার ওসি মো. শহিদুল ইসলাম দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় জড়িত নছিমন ও অটোরিকশা দুটি জব্দ করা হয়েছে। অটোরিকশাচালককে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।