মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষাব্যবস্থার সমন্বয়ে শিক্ষার্থী গড়ে তোলার প্রত্যয় নিয়ে দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রা শুরু করেছে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ। এ উপলক্ষে শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় ফুলবাড়ী গোলাম মোস্তফা পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুমে প্রতিষ্ঠানটির উদ্যোগে ‘প্যারেন্টিং কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ সেক্রেটারি মো. শাহীরাজ আলমের পরিচালনায় এবং মো. জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনে বক্তব্য দেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. শেখ সাদেক আলী। প্রধান বক্তা ছিলেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আহসান হাবীব ইমরোজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফাউন্ডেশনের সেক্রেটারি আলমগীর মুহাম্মদ ইউসুফ ও হেড অব ক্যাম্পাস ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স মো. রাজিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজের ফুলবাড়ী শাখার চেয়ারম্যান ও সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. নাজমুল হক।
এ সময় প্রতিষ্ঠানের ফাউন্ডার মেম্বার, অ্যাসোসিয়েট ও জেনারেল মেম্বার, শিক্ষক, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে বাংলা, ইংরেজি ও আরবি—এই তিন ভাষাভিত্তিক শিক্ষার পাশাপাশি ইসলামিক ও নৈতিক শিক্ষা, প্রযুক্তিনির্ভর পাঠদান এবং শিক্ষার্থীদের শারীরিক ও সাংস্কৃতিক বিকাশে বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। প্রতিষ্ঠানের প্রচারপত্রে ইংরেজি ভার্সনে প্লে গ্রুপ থেকে দ্বিতীয় শ্রেণি এবং বাংলা ভার্সনে তৃতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পাঠদানের কথা উল্লেখ করা হয়েছে।
বক্তারা বলেন, শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনই যথেষ্ট নয়; এর পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সৃজনশীলতা ও বাস্তবমুখী শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। এ ক্ষেত্রে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সমন্বয় এবং অভিভাবকদের সচেতন অংশগ্রহণ শিশুদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সম্মেলনে শিশুদের মানসিক ও নৈতিক বিকাশ, আধুনিক শিক্ষাব্যবস্থা এবং সন্তানদের ভবিষ্যৎ গঠনে অভিভাবকদের দায়িত্ব ও ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আগ্রহী অভিভাবকদের সন্তানদের ভর্তির জন্য নিবন্ধন কার্যক্রম পরিচালনা করা হয়।
মতামত