দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ওয়ারেন্ট ভূক্ত ও মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত সহ তিন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে আজ গ্রেফতারকৃত আসামীদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আজ সোমবার (২৬ অক্টোবর) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাদশা আলম।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, হাকিমপুর উপজেলার উত্তর বাসুদেবপুর এলাকার মৃত আব্দুল গফুর শেখের ছেলে মুরাদ হোসেন চঞ্চল (৪৩), ধরন্দা ফকিরপাড়া এলাকার ইসরাইল মল্লিকের ছেলে মমিন মল্লিক (৩৫) এবং বলরামপুর এলাকার মৃত ওসমান আলীর ছেলে মো. ফসিউল কাওসার (৩৮)।
ওসি মোঃ বাদশা আলম জানান, মাদক বিরোধী এবং ওয়ারেন্ট ভূক্ত গ্রেফতারি পরোয়ানা তামিল অভিযান চলমান রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল উক্ত এলাকায় অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এরমধ্যে মুরাদ হোসেন চঞ্চল ২০১৮ সালের একটি মাদক মামলার জিআর ওয়ারেন্টভুক্ত আসামি। অন্যদিকে, মমিন মল্লিক ও ফসিউল কাওসারকে ভ্রাম্যমাণ আদালতের পৃথক দুটি মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার আসামীদের আদালতের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
মতামত