আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৬১টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৪০০ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও দায়িত্ব পালন করবেন। পূজাকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বিঘ্নে উৎসব উদযাপন নিশ্চিত করতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে আনসার সদস্যদের নিয়ে দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুম বিল্লাহ।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. সাহারা বানুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মো. সেলিম পারভেজ এবং পল্লবী রানী রায়।
দায়িত্ব বণ্টনের তথ্য অনুযায়ী, অধিক গুরুত্বপূর্ণ ১৭টি পূজামণ্ডপে আটজন করে মোট ১৩৬ জন আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া গুরুত্বপূর্ণ ও সাধারণ শ্রেণির ৪৪টি পূজামণ্ডপে ছয়জন করে মোট ২৬৪ জন সদস্য দায়িত্ব পালন করবেন। সব মিলিয়ে ৬১টি পূজামণ্ডপে ৪০০ জন আনসার সদস্য মোতায়েন থাকবেন। প্রতিটি পূজামণ্ডপে দুজন করে নারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।
সভায় আনসার সদস্যদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের নির্বিঘ্নে যাতায়াত এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংশ্লিষ্টদের সমন্বিত দায়িত্ব পালনের মধ্য দিয়ে ফুলবাড়ীতে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের প্রত্যাশা করা হচ্ছে।
মতামত