দিনাজপুরের বীরগঞ্জে ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে বিমল দেবনাথ (৩৫) নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে তার স্ত্রী দিপ্তী দেবনাথ ও রোজিনা আহত হয়েছেন। তাদের টিএমএসএস হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের সাহেবগঞ্জ বাজার সংলগ্ন বীরগঞ্জ -খানসামা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিমল দেবনাথ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নের রাঙ্গালীপাড়া গ্রামে এবং রমেশ দেবনাথ এর ছেলে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে বিমল তার স্ত্রী দিপ্তী ও একই ইউনিয়নের মুচিবাড়ী সরকারপাড়া এলাকার রাকিবুল ইসলামের স্ত্রী রোজিনাসহ নীলফামারী থেকে মোটরসাইকেলযোগে ঝাড়বাড়ি বাজারের দিকে যাচ্ছিলেন। সময় তারা সাহেবগঞ্জ এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা একটি দ্রুতগামী ট্রলি সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান বিমল। স্থানীযরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এদিকে দুর্ঘটনার খবর পেয়ে বীরগঞ্জ থানার এসআই মিজানুর রহমান মিজাসহ সঙ্গী পুলিশ ফোর্স ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। বীরগঞ্জ থানার ওসি মো: সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেলেও ট্রলিটি আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা নেয়া হবে।
মতামত