বীরগঞ্জ

বীরগঞ্জে দুর্গোৎসব উপলক্ষে ৯৯ টন চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

প্রিন্ট
বীরগঞ্জে দুর্গোৎসব উপলক্ষে ৯৯ টন চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত : ৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:০৪


উপজেলার ১৬৪টি মণ্ডপে জোরে সোরে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে জেলার মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত শুধুই কাজ আর কাজ। এরইমধ্যে প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। শেষ মুহূর্তে চলছে শিল্পীদের মনের মাধুরী মিশিয়ে রংয়ের কাজ। 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১৬৪টি পূজামণ্ডপের অনুকূলে মোট ৯৯ মেট্রিক টন জিআর চালের ডিও (ডেলিভারি অর্ডার) বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সরকারি সহায়তা প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুরুল ইসলাম বলেন, আসন্ন দুর্গাপূজার প্রতিটি মণ্ডপে সর্বোচ্চ শৃঙ্খলা ও কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি উল্লেখ করেন, প্রশাসনের নজরদারির পাশাপাশি সংশ্লিষ্ট পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ সকলকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে হবে। সরকার ঘোষিত সহায়তা যেন সঠিকভাবে প্রতিটি মণ্ডপে পৌঁছায় তা নিশ্চিত করা হয়েছে।

এবার উপজেলায় বেশ বড় পরিসরে উৎসব উদযাপিত হচ্ছে উল্লেখ করে তিনি জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি পূজামণ্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে এবং এ বিষয়ে স্থানীয় কমিটিকে প্রশাসনের সাথে একযোগে কাজ করতে হবে। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও তিনি উপজেলার প্রতিটি পূজামণ্ডপ ব্যক্তিগতভাবে পরিদর্শন করবেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত ও দিকনির্দেশনামূলক আলোচনায় অংশ নেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আহসান হাবিব সরকার এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খালেদা আক্তার বানু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট বীরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মনোজ কুমার রায় এবং সদস্য সচিব টিক্কা রাম রায়।

এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মহেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপাল দেব শর্মাসহ উপজেলার ১৬৪টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকরা সভায় উপস্থিত ছিলেন।