বড় বড় মেগা প্রকল্প দেখিয়ে মেগা ডাকাতি করেছে বিগত সরকার।ফ্যাসিস্ট আওয়ামী লীগ মেগা প্রকল্পের নামে অর্থ লুটপাট করে দেশের অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর করেছে। সেই ভঙ্গুর অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে সময় লাগবে। দেশের মানুষ কিভাবে ভালো থাকবে এবং তাদের মৌলিক অধিকার ও চাহিদা মিটানোর জন্য বর্তমান সরকারের সবাই নিরলস ভাবে কাজ করে যাচ্ছি বলে মন্তব্য করেছেন, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে দিনাজপুরের বিরামপুর পাইলট স্কুল মাঠে পৌরসভার ৯টি ওয়ার্ড বিএনপির আয়োজনে কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।
সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ জাহিদ হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সুশৃঙ্খল দল। এটি শিখিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাঁর সহধর্মিণী আপোষহীন দেশনেত্রী মরহুম সাবেক প্রধানমন্ত্রী ১৭ বছর লড়াই সংগ্রাম করে দেশের মাটিতে ছিলেন। এরপর গত ২৪ আগষ্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ফলে আমরা একটা নতুন দেশ পেয়েছি। কিন্তু স্বৈরাচারী সরকার পালিয়ে গেলেও দেশের অর্থনীতির প্রতিটি খাত ধ্বংস করে গেছে। বর্তমান বিএনপি সরকারের বয়স মাত্র সাত মাস। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের রাস্তাঘাট, বিদ্যুৎ, সার, চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা সহ সব খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার বলে দাবি করেন মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এমপি।
বিরামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মহিবুর এলাহী চৌধুরী রবিনের সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সভাপতি মোঃ হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু প্রমুখ। সভায় পৌরসভার নয়টি ওয়ার্ডের দলীয় কর্মী ও প্রাথমিক সদস্যরা অংশ নেন। এছাড়াও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মতামত