দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৩ ঘটিকায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন।
বুধবার (৬ মে) রাতে উপজেলার ৩ নং আলীহাট ইউনিয়নের জাংগই (মাঠপাড়া) গ্রামে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার এসআই (নিঃ) মোঃ ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল জাংগই গ্রামে অভিযান চালায়। গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ আমিরুল ইসলামের বসতবাড়ির সামনের ফাঁকা জায়গা থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৪০ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান চলাকালীন সময়ে আমিরুলের স্ত্রী ও মামলার পলাতক আসামি মোছাঃ ফেরদৌসি পারভীন (৩৫) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।
পরবর্তীতে ধৃত আমিরুলের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ পৌর শহরের মধ্যবাসুদেবপুর (মাঠপাড়া) এলাকায় অভিযান চালিয়ে মাদক ব্যবসার সাথে জড়িত অপর সহযোগী মোঃ রাসেল মন্ডলকে (২৭) তার ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার আলিহাট ইউনিয়নের জাংগই গ্রামের আব্দুল মজিদের ছেলে আমিরুল ইসলাম (৪৪), এবং পৌর শহরের মধ্যেবাসুদেবপুর এলাকার হানিফ মন্ডলের ছেলে রাসেল মন্ডল (২৭)।
পলাতক আসামি, মোছাঃ ফেরদৌসি পারভীন (৩৫), স্বামী- মোঃ আমিরুল ইসলাম, সাং- জাংগই (মাঠপাড়া)। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে হাকিমপুর থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের পুলিশ অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করেছে। আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান নিয়মিত চলবে বলে জানান তিনি।
মতামত