দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার দক্ষিণ জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২২ ও ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত ১৬ শিক্ষার্থী এবং উপজেলা পর্যায়ে গুণী ও শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত বিদ্যালয়ের এক শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ঘোড়াঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রওশন আরা বেগম ও সহকারী শিক্ষক আনিছুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা ওয়াকিল আহমেদ, উপজেলা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের ইন্সট্রাক্টর সাহিদুল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান এবং ঘোড়াঘাট মহিলা কলেজের অধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তাঁরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে উপজেলা পর্যায়ে গুণী ও শ্রেষ্ঠ শিক্ষক ক্যাটাগরিতে নির্বাচিত বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামিল হোসেন এবং ২০২২ ও ২০২৫ সালের বৃত্তিপ্রাপ্ত ১৬ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক লায়লা আঞ্জুমান আরা, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মতামত