বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: গ্রাম বাংলার মাঠে মাঠে এখন পাকা ধানের সোনালি ঢেউ। হেমন্তের মৃদুমন্দ বাতাসে দুলছে ধানের শীষ। বাতাসে ভেসে বেড়াচ্ছে নতুন ফসলের মৌ মৌ ঘ্রাণ। কোথাও কাস্তে হাতে ধান কাটছেন কৃষক, কোথাও উঠানে চলছে ধান মাড়াই ও গোলায় তোলার ব্যস্ততা। ভোরের ঘাসে জমছে শিশির, দূরের গ্রাম ঢেকে যাচ্ছে কুয়াশার পাতলা চাদরে। প্রকৃতি এখন হেমন্তের স্নিগ্ধতায় অপরূপ। আজ সোমবার ১৪৩৩ বঙ্গাব্দের পহেলা অগ্রহায়ণ। নতুন ধানের ঘ্রাণ আর ফসল ঘরে তোলার আনন্দে শুরু হবে বাঙালির চিরায়ত নবান্ন উৎসব।
সোমবার সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে কেউ ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন। আবার কেউ আদিবাসী কৃষানিদের দিয়ে পাকা ধান কাটা শুরু করেছেন। পাশাপাশি বাড়ির উঠান ও গোলা প্রস্তুত করা হচ্ছে নতুন ফসল সংরক্ষণের জন্য। নতুন ধান ঘরে তোলাকে কেন্দ্র করে গ্রামীণ পরিবারগুলোতেও শুরু হয়েছে পিঠা-পায়েস তৈরির পরিকল্পনা। উপজেলার সুজালপুর ইউনিয়নের কুমোরপাড়া গ্রামের কৃষক হরিদাস বলেন, নতুন ধান ঘরে তোলার আনন্দের সাথে কোনো কিছুর তুলনা হয় না। নবান্ন আমাদের পরিশ্রমের সার্থকতা। নতুন ধানের চাল দিয়ে পরিবারের সবাই মিলে পায়েস খাব, পিঠা বানাবো। ধানের ফলন ভালো হলে কৃষকের মুখে হাসি ফোটে। গোলাভরা ধান দেখলে সারা বছরের কষ্ট অনেকটাই ভুলে যাই।
মোহনপুর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা রতন দাস বলেন, নবান্ন মানেই বাংলার ষড়ঋতুর পঞ্চম ঋতু হেমন্ত। কার্তিক ও অগ্রহায়ণ দুই মাস নিয়ে হেমন্তের বিস্তার। কার্তিক শেষ হয়েছে, এসেছে অগ্রহায়ণ। এ মাসে ধীরে ধীরে জেঁকে বসবে শীত। পাকা আমন ধান কাটার মৌসুম শুরু হবে। গ্রামাঞ্চলে মাঠের পর মাঠ ভরে উঠবে সোনালি ধানে। কৃষকের চোখে-মুখে ফুটে উঠবে ফসল ঘরে তোলার আনন্দ ও তৃপ্তি। এ সময় কেউ কাস্তে দিয়ে ধান কাটেন, কেউ আঁটি বাঁধেন, কেউ মাথায় কিংবা কাঁধে করে ধানের বোঝা নিয়ে ফেরেন বাড়িতে। এরপর উঠানে চলে ধান মাড়াই, শুকানো ও গোলায় তোলার আয়োজন। একসময় ঢেঁকিতে ধান ভানার শব্দে মুখর থাকত গ্রামের বাড়ি। আধুনিক চালকলের বিস্তারে তা অনেকটাই বদলে গেছে। তবু নতুন ধান ঘিরে আনন্দ-উৎসবের ঐতিহ্য আজও অমলিন।
জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের যুগ্ম আহবায়ক কবিরুল ইসলাম বলেন,'নবান্ন' শব্দের অর্থ নতুন অন্ন। 'নব' ও 'অন্ন'-দুই শব্দের সমন্বয়ে এটির উৎপত্তি। আমন ধান কাটার পর নতুন চালের ভাত রান্না করে পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে ভাগ করে খাওয়ার মধ্য দিয়ে আবহমানকাল ধরে উদযাপিত হয়ে আসছে এ উৎসব। কৃষিনির্ভর বাঙালির জীবনে নবান্ন শুধু ফসল ঘরে তোলার আনন্দ নয়, এটি কৃষকের শ্রম ও সাফল্যের উদযাপন, সমৃদ্ধির প্রত্যাশা, প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা এবং সামাজিক সম্প্রীতির এক অনন্য উপলক্ষ। তিনি আরও বলেন,একসময় গ্রামবাংলার কৃষক পরিবারে নবান্ন ছিল বছরের অন্যতম বড় উৎসব। নতুন চালের ভাতের সঙ্গে মাছ, মাংস, নানা পদের ভর্তা ও সবজির আয়োজন হতো। তৈরি করা হতো চিতই, ভাপা, পাটিসাপটা, পুলি, পায়েস, চিড়া, মুড়ি ও মোয়া। খেজুরের গুড়, নারকেল ও দুধের মিতালিতে পিঠাপুলির স্বাদ হয়ে উঠত আরো মধুর। মেয়ে-জামাইকে নিমন্ত্রণ, বিবাহিত মেয়েকে বাপের বাড়িতে নাইয়র আনা কিংবা দূরের আত্মীয়-স্বজনকে বাড়িতে আমন্ত্রণ-সব মিলিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ত গ্রামজুড়ে। এখন পরিস্থিতি অনেকখানি পাল্টে গেলেও গ্রামবাংলায় থাকে নানা আয়োজন। নবান্ন ঘিরে একসময় গ্রামবাংলার বিভিন্ন স্থানে বসত মেলা। আয়োজন হতো যাত্রাপালা, কবিগান, বাউলগান ও লোকসংগীতের আসর। কোথাও অনুষ্ঠিত হতো লাঠিখেলা, পুতুলনাচ, নৌকাবাইচ ও নানা ধরনের গ্রামীণ খেলাধুলা।
মতামত