দিনাজপুরের বীরগঞ্জে অগ্রনয়ণ মাসের প্রথম দিনেই বেড়েছে শীতের হাওয়া মাসের শুরু থেকেই শীতের আগমনী রাতভর বৃষ্টির মতো ঝরছে শিশির। রাত থেকে ঠান্ডা ও হিমেল বাতাস বইছে।
ভোরে ঘাস, গাছপালা ও ফসলের মাঠ ঢেকে যাচ্ছে শিশিরবিন্দুতে। সেই সঙ্গে ঘন কুয়াশায় প্রকৃতিতে দেখা দিয়েছে শীতের আগমনী বার্তা। শীতের এমন আবহে বদলে যেতে শুরু করেছে বীরগঞ্জের চিরচেনা গ্রামীণ জনপদের দৃশ্যপট।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় এমন শীতের চিত্র দেখা যায়। এ সময় তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়ে চারপাশ। দূরের গাছপালা ও ঘরবাড়ি ঝাপসা হয়ে আসে। সড়কে দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সঙ্গে চলাচল করতে দেখা যায়। বিশেষ করে মোটরসাইকেল, অটোরিকশা, বাস ও পণ্যবাহী যানবাহনের চালকদের ধীরগতিতে চলাচল করতে হচ্ছে।
স্থানীয় পথচারী মো.জিয়াউর রহমান জিয়া বলেন, এখন যে শীত পড়েছে, রাতে মনে হয় বৃষ্টির মতো শিশির ঝরছে। সকালে ঘাস ও গাছপালা শিশিরে ভিজে থাকে। রাতের বেলা ঠান্ডার অনুভূতি অনেক বেশি। আমার ধারণা, কয়েক দিন পর শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
এদিকে সন্ধ্যার পর থেকেই ঠান্ডার অনুভূতি বাড়তে থাকে। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে উত্তরের হিমেল বাতাস ও শিশির পাতের কারণে শীতের প্রকোপ আরও বেশি অনুভূত হচ্ছে। ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক, দিনমজুর ও পথচারীদের কিছুটা ভোগান্তিতে পড়তে হচ্ছে।
প্রকৃতিতে শিশিরের স্নিগ্ধতা আর কুয়াশার চাদর জানান দিচ্ছে, বীরগঞ্জে শীতের মৌসুম ধীরে ধীরে জেঁকে বসতে শুরু করেছে।
মতামত