শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর ও শান্তিপূর্ণভাবে উদ্যাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার ১১টি পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছে পৌর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌরসভার আরসি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে পূজামণ্ডপের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মণ্ডপ প্রতিনিধিদের হাতে নগদ অনুদান তুলে দেন পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন।
মতবিনিময় সভায় আব্দুস সাত্তার মিলন বলেন, ‘বিএনপি মনে করে, আমরা সবাই বাংলাদেশি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান এখানে কোনো ভেদাভেদ নেই। আমাদের মধ্যে উঁচু-নিচু, সমতল কিংবা পাহাড়ি এমন বিভাজনও নেই। সব ধর্ম ও জাতিগোষ্ঠীর মানুষ সমঅধিকারের ভিত্তিতে এ দেশে বসবাস করে। বাংলাদেশি হিসেবে আমরা সবাই এ দেশের মালিক।’
তিনি আরও বলেন, ‘এই সরকারের সময় প্রথম দুর্গাপূজা এটি। আপনারা উৎসবমুখর পরিবেশে পূজা শুরু করবেন এবং বিসর্জন পর্যন্ত সরকার ও বিএনপি আপনাদের পাশে থাকবে।’
সভায় বক্তব্য দেন কাদিমনগর সার্বজনীন দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক কানাই লাল সাহা এবং পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুক্তার হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন, পৌর জিয়া পরিষদের আহ্বায়ক আনিছুর রহমানসহ পৌরসভার ১১টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক। এ ছাড়া পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতাকর্মীরাও সভায় অংশ নেন।
আয়োজকেরা জানান, ধর্মীয় সম্প্রীতি জোরদার করা এবং দুর্গাপূজার আনন্দ সবার মধ্যে ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মতামত