শারদীয় দুর্গাপূজা ঘিরে দিনাজপুর ও জয়পুরহাট জেলার ২১১টি পূজামণ্ডপের নিরাপত্তায় ৩১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পূজাকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদারের অংশ হিসেবে দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি রামসাগর পূজামণ্ডপ ও সুন্দরা বারোয়ারী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
শনিবার (১৭ অক্টোবর) পূজামণ্ডপ দুটি পরিদর্শনকালে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে তাঁদের ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। দুর্গাপূজা সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের দীর্ঘ ঐতিহ্যের প্রতিফলন। এ ঐতিহ্য অক্ষুণ্ন রাখতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।
সেক্টর কমান্ডার বলেন, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও সম্ভাব্য ঝুঁকি চিহ্নিতকরণের মাধ্যমে কাজ করছে। পাশাপাশি স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। গুজব, অপতথ্য ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় বিজিবি প্রস্তুত রয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, দিনাজপুর সেক্টরের আওতাধীন দিনাজপুর ও জয়পুরহাট জেলার ২১১টি পূজামণ্ডপের মধ্যে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে রয়েছে ১৭০টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের তিন কিলোমিটারের মধ্যে রয়েছে ৪১টি পূজামণ্ডপ। এসব মণ্ডপের নিরাপত্তায় ২২টি বেইজ ক্যাম্প স্থাপন করে ৩১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
গত ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এ নিরাপত্তা কার্যক্রম আগামী ২২ অক্টোবর পর্যন্ত চলবে। এ সময় নিয়মিত টহলের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
সেক্টর কমান্ডার আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সহযোগিতা এবং গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। গুজবে কান না দেওয়া, যাচাই না করে কোনো তথ্য প্রচার না করা এবং সন্দেহজনক কিছু নজরে এলে নিকটস্থ বিজিবি ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
তিনি আশা প্রকাশ করেন, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।
মতামত