কাহারোল

কাহারোলে বৃদ্ধ মহিলাকে অচেতন করে স্বর্ণালংকার লুট, অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার

প্রিন্ট
কাহারোলে বৃদ্ধ মহিলাকে অচেতন করে স্বর্ণালংকার লুট, অজ্ঞান পার্টির ৩ সদস্য গ্রেপ্তার

প্রকাশিত : ১৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৪৮


দিনাজপুরের কাহারোলে আন্তঃবিভাগীয় অজ্ঞান পার্টির ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে কাহারোল থানা পুলিশ। চলন্ত অটোতে এক মহিলাকে অচেতন করে স্বর্ণালংকার লুটের ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন গাইবান্ধা সদরের দক্ষনি গিদারি থানার কিছামত মাধপপুর গ্রামের মৃত ওমর আলীর ছেলে মোঃ হাসিনুর রহমান(৫৫), রংপুর জেলার পীরগাছা থানার মনিরামপুর গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে মোঃ আব্দুর রহমান (৪৬), গাজীপুর জেলার শ্রীপুর থানার উত্তর হলদিয়া গ্রামের আব্দুল মান্নান শিকদারের ছেলে এস কে করিম খোকন (৫১)।

কাহারোল থানা পুলিশের তথ্য অনুযায়ী জানা যায় ১৩ অক্টোবর সকালে উপজেলার ১৩ মাইল গড়েয়া বাজারের প্রায় আধা কিলোমিটার উত্তরে বীরগঞ্জগামী পাকা সড়কের ভাতগাঁও গ্রামের সিপি এলাকার কাছাকাছি এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মোছাঃ আনোয়ারা বেগমের ছেলে ১৪ অক্টোবর কাহারোল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলীউর ওরফে অলিউর রহমান বাদী হয়ে কাহারোল থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়,ঘটনার দিন সকাল আনুমানিক সাড়ে ৯ টায় ভুক্তভোগী আনোয়ারা বেগমের কাছে গিয়ে অভিযুক্তরা কৌশলে একটি সাদা কাগজে চেতনানাশক দ্রব্য মিশিয়ে তাঁর নাকের কাছে ধরলে এতে তিনি অজ্ঞান হয়ে পড়েন।এ সময় মলম পার্টির সদস্যরা অটো রিকশা চালকের সহায়তায় তাঁর কানের এক জোড়া স্বর্ণের দুল ও হাতের এক জোড়া স্বর্ণের বালা যার আনুমানিক মূল্য ২ লক্ষ ২৪ হাজার টাকা খুলে নেয়।

পরে কাহারোল থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে প্রথমে একটি অটোরিকশা শনাক্ত করা হয়। এরপর মঙ্গলবার ১৪ অক্টোবর অটো রিকশা চালককে গ্রেপ্তার করলে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পরে চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিমুর রহমান সেলিম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত তিনজনের নাম উল্লেখ করে থানায় এজাহার দায়ের করা হয়েছে।পরবর্তী সময়ে পুলিশ অভিযান চালিয়ে গতকাল তাঁদের গ্রেপ্তার করে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করে।