দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের দল্লা মিশনপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে চিরিরবন্দর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, এএসআই (নিঃ) মো. নুর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রশিদুল ইসলামের বসতবাড়িতে অভিযান চালায়। এ সময় রশিদুল ইসলাম (৪০) ও মো. নাজমুল হক (৪৩) নামের দুই ব্যক্তিকে মাদক রাখার ও সেবনের অভিযোগে আটক করা হয়। তাদের কাছ থেকে টাপেন্টাডল ট্যাবলেটের গুঁড়া, চারটি পাইপ, দুটি স্টিলের চামচ ও চারটি গ্যাস লাইট উদ্ধার করা হয়।
পরে চিরিরবন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানা আফরোজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত রশিদুল ইসলামকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২৫০ টাকা অর্থদণ্ড এবং মো. নাজমুল হককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২৫০ টাকা অর্থদণ্ড দেন।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের অংশ হিসেবে আটক দুজনকে কারাদণ্ড দেওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বর্তমানে চিরিরবন্দর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মতামত