বীরগঞ্জ

বীরগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা, মাঠে হাজারো দর্শকের ঢল

প্রিন্ট
বীরগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা, মাঠে হাজারো দর্শকের ঢল

প্রকাশিত : ৬ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৬:৩৮


দিনাজপুরের বীরগঞ্জে গ্রাম বাংলার জনপ্রিয় ও ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মোহনপুর ইউনিয়নের লাটেরহাট যুব সমাজের উদ্যোগে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় লাটেরহাট স্কুল মাঠ প্রাঙ্গণে এ খেলার আয়োজন করা হয়।

ঐতিহ্যবাহী এ হাডুডু খেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। খেলা দেখতে বিকেল থেকেই মাঠে জড়ো হতে থাকেন বিভিন্ন বয়সী দর্শনার্থী। একপর্যায়ে মাঠের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। হাজার হাজার দর্শক খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য, কৌশল ও প্রতিযোগিতাপূর্ণ খেলা উপভোগ করেন।

অনুষ্ঠানে ১০ নং মোহনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফেরদৌস হোসেন মন্ডল উপস্থিত ছিলেন। এ সময় বক্তব্য দেন মোহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান চৌধুরী শাহিন। এছাড়া আব্দুল খালেক, সাধারণ সম্পাদক, মোহনপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খেলায় অংশ নেওয়া খেলোয়াড়রা নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে দর্শকদের আনন্দ দেন। প্রতিটি আক্রমণ ও প্রতিরোধে দর্শকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়। খেলাকে কেন্দ্র করে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

আয়োজকরা জানান, গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাগুলো নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে। মোবাইল ও প্রযুক্তিনির্ভর বিনোদনের বাইরে তরুণ সমাজকে মাঠমুখী করতে হাডুডুর মতো দেশীয় খেলাগুলোর আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মনে করেন।

খেলা শেষে বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।