দিনাজপুরের বিরামপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রাশিদুল ইসলাম (২৬) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিরামপুর উপজেলার বিজুল বাজার এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশিদুল ইসলাম দিনাজপুর পৌরশহরের বালুবাড়ী এলাকার আইয়ুব আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে দিনাজপুর থেকে জহুরা অটো রাইস মিলের ২৯ টন চালবোঝাই একটি ট্রাক বগুড়া-ট ১১-১৭৫৪ নম্বর নিয়ে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিল। একই সময়ে গোবিন্দগঞ্জ থেকে টিনবোঝাই ঢাকা মেট্রো-ট ১৩-৪৫২৫ নম্বরের অপর একটি ট্রাক দিনাজপুরের দিকে আসছিল। বিজুল বাজার এলাকায় পৌঁছালে ট্রাক দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের ধাক্কা ছিল এতটাই ভয়াবহ যে, চালবোঝাই ট্রাকের চালক রাশিদুল ইসলাম ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে মারা যান।স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন।
আহতরা হলেন—টিনবোঝাই ট্রাকের চালক পার্বতীপুর উপজেলার আমাইল গ্রামের মো. জাকিরুল (৩৫), পিতা আবু তাহের, ফুলবাড়ী উপজেলার বুড়াদোহ গ্রামের মো. মামুন, পিতা মমতাজ,ফুলবাড়ী উপজেলার সাজামাত গ্রামের মো. রাসেল, পিতা জিহাদ, এবং ফুলবাড়ী উপজেলার আঁখিঘোটনা গ্রামের. আনিসুর (৩৬), পিতা মমতাজ, , ফুলবাড়ী। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, তারা গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী টিনবোঝাই ট্রাকটির সঙ্গে ছিলেন।
আহতদের উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় থাকা দুজনকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা গেছে।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধারকাজে অংশ নেয়। বিরামপুর ফায়ার স্টেশন ও ফুলবাড়ী ফায়ার স্টেশনের দুটি ইউনিট যৌথভাবে কাজ করে দুর্ঘটনাকবলিত ট্রাক থেকে নিহত চালক রাশিদুল ইসলামের মরদেহ উদ্ধার করে।
পরে বিরামপুর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং দুর্ঘটনার কারণে ব্যাহত যান চলাচল স্বাভাবিক করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যস্ত এই আঞ্চলিক মহাসড়কে দুই ট্রাকের এমন ভয়াবহ সংঘর্ষে মুহূর্তেই স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধারে সহযোগিতা করেন। তবে ঘটনাস্থলেই একজনের প্রাণহানি হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দুই ভারী যানবাহনের মুখোমুখি সংঘর্ষে একজন তরতাজা ট্রাকচালকের মর্মান্তিক মৃত্যু আবারও দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে নিরাপদ ও সতর্কভাবে যান চলাচলের প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।
এদিকে দুর্ঘটনায় চালবোঝাই ট্রাকটির কয়েকটি চালের বস্তা ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় লোকজন এগিয়ে এসে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ও ক্ষতিগ্রস্ত চালের বস্তাগুলো সংগ্রহ করে সংরক্ষণ করেন এবং ট্রাকে তুলে দেন। স্থানীয়দের এমন সহযোগিতায় দুর্ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সহায়তা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিরামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হান্নান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মতামত