দিনাজপুরের বীরগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন গ্রামীণ সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির এলসিএস (লেবার কন্ট্রাকটিং সোসাইটি) মহিলা কর্মীদের মাঝে সঞ্চয়ের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মঞ্জুরুল ইসলাম।
উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবিরের পরিচালনায় অনুষ্ঠানে এলজিইডির গ্রামীণ সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত মহিলা কর্মীদের পারিশ্রমিক থেকে সঞ্চিত অর্থের চেক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপঙ্কর বর্মন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. শরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজ সুলতানা লুনা, বীরগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর (ওসি চার্জ) মো. জাহাঙ্গীর বাদশা রনি, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু, বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।
উপজেলা প্রকৌশলী হুমায়ুন কবির জানান, রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত ৩১ জন মহিলা কর্মী সঞ্চয়ের চেক গ্রহণ করেন। প্রত্যেক কর্মী তিন বছরে সঞ্চয় হিসেবে ১ লাখ ১১ হাজার টাকা করে পাবেন।
চেক হাতে পেয়ে মহিলা কর্মীরা দীর্ঘদিনের সঞ্চিত অর্থ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
মতামত