বিরামপুর

বিরামপুর-ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযান, মাদকদ্রব্য জব্দ

প্রিন্ট
বিরামপুর-ফুলবাড়ী সীমান্তে বিজিবির অভিযান, মাদকদ্রব্য জব্দ

প্রকাশিত : ৫ আগস্ট ২০২৬, বিকাল ৫:১৯


দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে জোরালো অভিযান চালিয়ে ৬ লাখ ১১ হাজার ৭৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, নেশাজাতীয় ইনজেকশন, ইস্কফ সিরাপ এবং বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত ফুলবাড়ী ব্যাটালিয়নের অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প, বিরামপুর বিশেষ ক্যাম্প, দাইনুর বিওপি ও খানপুর বিওপি পৃথক চারটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশর অভ্যন্তর থেকে পরিত্যক্ত অবস্থায় ৫ হাজার ৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৬৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ৫০ বোতল ইস্কফ সিরাপ এবং ৬১৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মাদক ও অন্যান্য চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ৬ লাখ ১১ হাজার ৭৫০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান নির্মূলে তাদের গোয়েন্দা নজরদারি এবং অভিযান আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য প্রবেশ ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জড়িতদের আইনের আওতায় আনতে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

সীমান্ত সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকায় সীমান্ত এলাকায় অপরাধ দমনে ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্টদের ধারণা।