জমি-সংক্রান্ত বিরোধের জেরে ধর্ষণ মামলায় মিথ্যা অভিযোগে ফাঁসানোর দাবি করেছেন দিনাজপুরের খানসামা উপজেলার মতিউর রহমান (২৬) নামে এক যুবক ও তাঁর পরিবার।
মতিউর রহমান উপজেলার ছাতিয়ানগড় ছোট জমিরপাড়া এলাকার ছকি উদ্দিনের ছেলে।
পরিবারের দাবি, ২০২৪ সালের ৮ আগস্ট প্রতিবেশী জালাল উদ্দিনের কাছ থেকে ৪ শতক জমি ক্রয় করেন ছকি উদ্দিনের দুই ছেলে হামিদুল ইসলাম ও মতিউর রহমান। পরে ওই জমির ওয়ারিশ দাবি করে জালাল উদ্দিনের আপন ভাই তমিজ উদ্দিন আদালতে একটি মামলা দায়ের করেন। সেই বিরোধের জের ধরে ২০২৬ সালের ২৪ জুলাই তমিজ উদ্দিন ও তাঁর ছেলেদের প্ররোচনায় প্রতিবন্ধী ভাতিজিকে ধর্ষণের অভিযোগ এনে খানসামা থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে বলে দাবি করেন মতিউর রহমানের পরিবার।
মতিউর রহমানের বাবা ছকি উদ্দিন বলেন, “জমি নিয়ে বিরোধের কারণেই আমাদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। এ ঘটনার সঙ্গে আমার ছেলের কোনো সম্পৃক্ততা নেই। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।”
অন্যদিকে, অভিযোগকারী তরুণীর পরিবারের দাবি, ধর্ষণের ঘটনাটি সত্য এবং এর সঙ্গে মতিউর রহমান জড়িত। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
এ বিষয়ে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাছেত সরকার বলেন, “প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ”
মতামত