ছবি : কাহারোলে ১৭ দিন ধরে নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থী
দিনাজপুরের কাহারোল উপজেলায় ১৭ দিন ধরে নিখোঁজ দুই মাদ্রাসা শিক্ষার্থী। সন্তানদের ফিরে পাওয়ার আশায় দিশাহারা তাদের পরিবার।
শিক্ষার্থীরা হলেন কাহারোল উপজেলার চকপ্রাণকৃষ্ণ গ্রামের মতিউর রহমানের ছেলে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মো.মঈনউদ্দিন(১৪) ও ফেরুয়াডাঙ্গা গ্রামের সাইদুল ইসলামের ছেলে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মো.সিয়াম হোসেন(১৫)।
মাদ্রাসা শিক্ষকদের বর্ণনামতে জানা যায় ৬ জুলাই (সোমবার) কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নে স্থাপিত রসুলপুর দারুল হুদা সালাফিয়্যাহ কওমিয়্যাহ মাদ্রাসার ২ শিক্ষার্থী দুপুরের বিশ্রামের সময় বাহিরে বের হয়ে গেলে তারা আর ফিরে আসেনি। এরপর থেকে অনেক খোঁজাখুঁজির পর এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের এখনো সন্ধান মেলেনি।
এ ব্যাপারে মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের অভিভাবক ইতোমধ্যে কাহারোল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করলেও কাহারোল থানা পুলিশ এ পর্যন্ত তাদেরকে উদ্ধার করতে সক্ষম হয়নি। তবে উদ্ধার প্রক্রিয়া অব্যাহত রয়েছে জানান,কাহারোল থানার অফিসার ইনচার্জ সেলিমুর রহমান সেলিম।
এদিকে শিক্ষার্থীদের অভিভাবকেরা ১৭ দিন অতিবাহিত হওয়ার পরেও তাদের সন্তানদের সন্ধান না পাওয়ায় খেয়ে না খেয়ে দিনরাত অতিবাহিত করছে।দিশেহারা হয়ে পড়েছে তাদের পরিবার।অভিভাবকেরা তাদের সন্তানদের ছবি সম্বলিত সন্ধান চেয়ে সামাজিক গণমাধ্যমে প্রচার করে এবং তাদের খোঁজ পেলে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার আকুল আবেদন জানান।
মতামত