ঘোড়াঘাট

ঘোড়াঘাটে দুর্গন্ধে ব্যবসা বন্ধের উপক্রম, ব্যবসায়ীদের পাশে বিএনপি নেতা মিলন

প্রিন্ট
ঘোড়াঘাটে দুর্গন্ধে ব্যবসা বন্ধের উপক্রম, ব্যবসায়ীদের পাশে বিএনপি নেতা মিলন

প্রকাশিত : ১৭ মে ২০২৬, সন্ধ্যা ৭:৩৯


দিনাজপুরের ঘোড়াঘাট পৌরসভার আজাদমোড় এলাকায় ময়লার ভাগারের তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন আশপাশের শতাধিক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে দুর্গন্ধ, মশা–মাছির উপদ্রব ও অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ব্যবসা পরিচালনা করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন তাঁরা।

রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে ঘটনাস্থল পরিদর্শনে যান ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সাত্তার মিলন।

পরিদর্শনের সময় ব্যবসায়ীরা তাঁদের দুর্ভোগের কথা তুলে ধরেন। তাঁরা জানান, এলাকায় উৎপন্ন দোকানের আবর্জনা, মৃত কুকুর ও মুরগি, পচা সবজিসহ বিভিন্ন ধরনের বর্জ্য সেখানে ফেলা হচ্ছে। নিয়মিত ময়লা অপসারণ না করায় গত দুই মাসে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। তীব্র গরমে দুর্গন্ধ আরও বেড়ে যাওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

একাধিক ব্যবসায়ী বলেন, দীর্ঘদিন ধরে সমস্যাটি চললেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিশেষ করে বর্ষা ও অতিরিক্ত গরমের সময়ে পরিস্থিতি আরও খারাপ হয়। ময়লার স্তুপ থেকে ছড়ানো দুর্গন্ধে সড়ক দিয়ে চলাচল ও কেনাকাটা করতে আসা মানুষজনও চরম ভোগান্তিতে পড়ছেন।

এ সময় আব্দুস সাত্তার মিলন বলেন, “জনগণের ভোগান্তির বিষয়টি অবহেলার সুযোগ নেই। ঘটনাস্থল থেকেই সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “পৌরশহরের ওসমানপুর, পুরাতন বাজার ও বাণিজ্যিক এলাকা আজাদমোড়ের ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, এমন পরিস্থিতি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।”

দ্রুত ময়লা অপসারণ ও স্থায়ী সমাধানের দাবি জানিয়ে সাবেক এই মেয়র বলেন, জনস্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল হতে হবে।

ঘোড়াঘাট পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ জানান, বিষয়টি তাঁকে অবহিত করা হয়েছে। তিনি বলেন, “বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কালকের মধ্যেই ময়লা সরানোর নির্দেশ দেওয়া হয়েছে। জনদুর্ভোগ এড়াতে দ্রুত সময়ের মধ্যে এখানে বড় আকারের একটি ডাস্টবিন নির্মাণ করা হবে।”

পরিদর্শনের সময় স্থানীয় ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।