হাকিমপুর

হাকিমপুরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ বিভিন্ন মামলায় ৭ জন গ্রেফতার

প্রিন্ট
হাকিমপুরে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা সহ বিভিন্ন মামলায় ৭ জন গ্রেফতার

প্রকাশিত : ৮ মে ২০২৬, রাত ১১:১৩


দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৩১ পিস ইয়াবা সহ দুইজনকে গ্রেফতার করেছে। একইসঙ্গে বিভিন্ন মামলা ও সাজাপ্রাপ্ত মোট ৭ জন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে থানা পুলিশ। 

আজ শুক্রবার (৮ মে) দুপুরে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন। 

পুলিশ জানায়, হাকিমপুর থানার মামলা নং-১০ এর ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ বিদ্যুৎ হোসেন ওরফে গোবড়া (২৪) এবং মোঃ শাওন ইসলাম (২৩) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। 

তারা হাকিমপুর উপজেলার নয়া নগর (বালুপাড়া) এলাকার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়াও বিভিন্ন মামলায় মোঃ আইনুল (৩৭), মোঃ সুজন ওরফে সুমন, মোঃ সেতু (২৮), মোঃ হারুনুর রশিদ ওরফে হারুন (৪৩) এবং সাজাপ্রাপ্ত আসামি মোঃ মামুনুর রশিদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ মামুনুর রশিদের বিরুদ্ধে ঢাকা মহানগরের যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-০২ এর সিআর নং-৯১৫/১৮ মামলায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪ লাখ ৬৩ হাজার ৪৮০ টাকা অর্থদণ্ডের আদেশ রয়েছে।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন জানান, হাকিমপুর থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আসামীদের গ্রেফতার করে। আজ দুপুরের পরে গ্রেফতারকৃতদের দিনাজপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।