সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য (এমপি) পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বগুড়া জেলা ছাত্রদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. উম্মে হানি পৃথ্বী।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী-এর কাছ থেকে তিনি এ ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহের পর থেকেই তাকে ঘিরে দলীয় রাজনীতিতে আলোচনা জোরালো হয়েছে। বিভিন্ন মহলে তাকে সংরক্ষিত নারী আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে।
জানা গেছে, ২০১২ সাল থেকে সক্রিয়ভাবে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত হন ডা. উম্মে হানি পৃথ্বী। চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মাঠ পর্যায়ের রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন তিনি। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততার কারণে তাকে এগিয়ে রাখা হচ্ছে বলে দলীয় সূত্রে জানা যায়।
দলীয় নেতাকর্মীরা জানান, বিগত সরকারের সময় আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণের কারণে একাধিকবার লাঞ্ছনা ও বাধার মুখে পড়েন তিনি। তবুও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজপথে সক্রিয় থেকেছেন এবং দলের দুর্দিনে সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন।
এদিকে বগুড়া অঞ্চলের সাধারণ মানুষের মধ্যেও তার প্রতি ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে। স্থানীয় শরিফউদ্দিন সরকার বলেন, ডা. উম্মে হানি একজন মানবিক মানুষ। তিনি নিয়মিত বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। তিনি এমপি হলে এলাকার মানুষের জন্য ভালো হবে।
আরেক বাসিন্দা জাহানারা বেগম বলেন, তিনি নারীদের জন্য কাজ করেন এবং একজন দক্ষ চিকিৎসক। আমরা তাকে এমপি হিসেবে দেখতে চাই।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক নেতা জানান, বর্তমান রাজনীতিতে তরুণ নেতৃত্বের গুরুত্ব বাড়ছে। সে বিবেচনায় ডা. উম্মে হানি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলে চিকিৎসা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন।
এ বিষয়ে ডা. উম্মে হানি পৃথ্বী বলেন, আমি দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে বিএনপির রাজনীতি করে আসছি। মানুষের পাশে থেকে সেবামূলক কাজ চালিয়ে যাচ্ছি। ফ্যাসিস্ট সরকারের সময়ও আন্দোলনে সক্রিয় ছিলাম।
তিনি আরও বলেন, আজ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পেরে আমি গভীরভাবে অনুপ্রাণিত ও গর্বিত। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর আদর্শ, দেশনেত্রী খালেদা জিয়া-এর আপসহীন নেতৃত্ব এবং দেশনায়ক তারেক রহমান-এর দিকনির্দেশনা আমার পথচলার প্রেরণা।
তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে কাজ করতে চাই। দল যদি আমাকে মূল্যায়ন করে, তাহলে সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখব।
সবশেষে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেন এবং বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার চেষ্টা করবেন।
মতামত