সারাদেশ

পাঁচবিবিতে শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৭ ছাত্রী

প্রিন্ট
পাঁচবিবিতে শ্রেণিকক্ষে হঠাৎ অসুস্থ ১৭ ছাত্রী

প্রকাশিত : ১৬ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৮:৪০


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কাঁকড়া পিংলু উচ্চ বিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ ১৭'জন ছাত্রী জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পরে। বুধবার দুপুরে ৩'টি ক্লাস হওয়ার পর এ ঘটনা ঘটে বলে জানায় শিক্ষকমন্ডলী।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহিনুর ইসলাম বলেন, প্রতিদিনের মতো ষষ্ঠ থেকে দশম শ্রেণির ছাত্রীরা নিয়মিত ক্লাস করছিল। দু-তিনটি ক্লাস শেষ হওয়ার পর হঠাৎ কয়েকজন ছাত্রীর মাথা ঘুরে পড়ে যায়। মুহূর্তের মধ্যে একে একে ১৭'জন ছাত্রী একইভাবে অসুস্থ হয়ে পড়ে। এতে বিদ্যালয়ে ছাত্র শিক্ষকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি বেগতিক দেখে প্রধান শিক্ষক মোঃ শাহিনুর ইসলাম তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিনকে বিষয়টি অবহিত করেন।

 ইউএনও স্যারের নির্দেশেই দ্রুত ছাত্রীদের আমরা সকল শিক্ষক মিলে মহিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই। হঠাৎ ছাত্রীদের এমন অবস্থা দেখে আমরা বেগতিক হয়ে পড়ি, কিন্তু ইউএনও স্যারের বিচক্ষণতায় আমরা এই যাত্রা থেকে সহজেই রক্ষা পেয়েছি। সকল ছাত্রী এখন সুস্থ ও স্বাভাবিক আছে।

খবর পেয়ে ইউএনও দ্রুত অসুস্থ শিক্ষার্থীদের মহিপুর হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও থানা পুলিশকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। সুপারভাইজার জহুরুল ইসলাম হাসপাতালে ছুটে যান এবং সকল অসুস্থ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শারীরিক খোঁজখবর নেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তরুণ কুমার পাল বলেন, "অসুস্থ ১০-১২ জন বাচ্চা হাসপাতালে আসলে আমরা প্রয়োজনীয় সকল চিকিৎসা প্রদান করি। এখন ছাত্রীরা ভালো আছে এবং নিবিড় পরিচর্যায় আছে, ভয়ের কিছু নেই। ছাত্রীদের বড় ধরনের কোনো শারীরিক সমস্যা নয়, এটি মনস্তাত্ত্বিক কারণে হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। বর্তমানে সকল শিক্ষার্থী শঙ্কামুক্ত রয়েছে বলে তিনি জানান।