সারাদেশ

পাঁচবিবিতে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

প্রিন্ট
পাঁচবিবিতে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

প্রকাশিত : ৭ সেপ্টেম্বর ২০২৬, বিকাল ৫:৩২


মৎস্য সম্পদ রক্ষা ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে অভিযান চালিয়ে ৪৮টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অধিদপ্তর। পরে জব্দ করা জালগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।

রোববার বিকেলে উপজেলার কুসুম্বা ইউনিয়নের হরেন্দা গ্রাম এবং বালিঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

পরে জব্দ করা ৪৮টি চায়না দুয়ারী জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ সময় উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ এবং মৎস্য ও পশুখাদ্য আইন-২০১০-এর অধীনে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি বলেন, মাছের প্রজনন মৌসুমে ও প্রাকৃতিক জলাশয়ে মাছের বংশবৃদ্ধি নিশ্চিত করতে নিষিদ্ধ এসব জাল জব্দ করা হয়েছে। নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি এসব জাল ব্যবহারকারীদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এ অভিযানকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন, নিষিদ্ধ জালের কারণে ছোট মাছসহ বিভিন্ন জলজ প্রাণী ধ্বংস হচ্ছে। মৎস্য সম্পদ রক্ষায় জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখা জরুরি।